জামালপুরের মাদারগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বালিজুড়ী ইউনিয়নের নাদাগাড়ী এলাকার অবিনূর, সেলিম, সুমন ও সুমন ওরফে নুরু মিয়া। অপরজন রাসেল মিয়া উপজেলার গাবেরগ্রাম এলাকার বাসিন্দা এবং মাদারগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, গত দুই মাসে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৬টির বেশি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় সাধারণ গ্রাহক ও কৃষকদের ভোগান্তিতে পড়তে হয়। এসব ঘটনায় মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস থেকে থানায় অভিযোগ দেওয়া হলে পুলিশ তদন্ত শুরু করে।
মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, কোনো ব্যক্তির অপকর্মের দায় সংগঠন নেবে না। তদন্তে অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। চক্রটির মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। চুরির সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ন্যাশনিক্স/এলকে
