শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় বাতিল এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতার বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপদপ্তর সম্পাদক বারেক হোসাইন আপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় বাতিল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে ১৬, ১৭ ও ১৮ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ মিছিল পালনের জন্য বাংলাদেশ ছাত্রলীগের জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, উপজেলা, পৌর, কলেজ, আবাসিক হল, আঞ্চলিক শাখা, ইউনিয়ন ও ওয়ার্ডসহ সব পর্যায়ের সাংগঠনিক ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সব সাংগঠনিক ইউনিটকে নির্ধারিত সময়ে কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ন্যাশনিক্স/এলকে
