প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় লোডশেডিং পিরোজপুর পল্লী বিদ্যুৎ জিএমকে স্ট্যান্ড রিলিজ

অবশ্যই পরুন

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের অংশ হিসেবে দেশের সব জেলার প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পিরোজপুরের কাউখালী উপজেলা মিলনায়তনে আয়োজিত সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. আলতাফ হোসেনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

রোববার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মইনুল হাসানের স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আলতাফ হোসেনকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বরিশাল জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে কাউখালী উপজেলা মিলনায়তনে প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়। বক্তব্য শুরু হওয়ার প্রায় এক মিনিট পর হঠাৎ মিলনায়তনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছু সময় পর সংযোগ ফিরে আসে।

স্থানীয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী, ওই সময় পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল। শুধু অনুষ্ঠানস্থলে বিদ্যুৎ চলে যাওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মো. কামরুজ্জামান সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।

অফিস আদেশে বলা হয়েছে, মো. আলতাফ হোসেনকে নির্ধারিত নতুন কর্মস্থলে সোমবার যোগ দিতে হবে। একই সঙ্গে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জ্যেষ্ঠ ডেপুটি জেনারেল ম্যানেজারকে তাঁর নিজ দায়িত্বের পাশাপাশি জিএমের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এ দায়িত্বের সঙ্গে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাও যুক্ত থাকবে।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাইসুল ইসলাম বলেন, অনুষ্ঠান আয়োজনের বিষয়টি আগে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। এরপরও প্রধানমন্ত্রীর বক্তব্য চলার সময় হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। তবে উপজেলা পরিষদের অন্যান্য স্থানে বিদ্যুৎ সরবরাহ চালু ছিল।

তাঁর ধারণা, যোগাযোগের সমন্বয়ের ঘাটতির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে। পরে তিনি পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তাকে বরিশালে সংযুক্ত করার বিষয়টি জানতে পারেন বলে জানান।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ