রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট করল সিলেট মহানগর বিএনপি

অবশ্যই পরুন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে অংশ নেয়নি সিলেট মহানগর বিএনপি। দলটির কয়েকজন সংসদ সদস্যসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

মঙ্গলবার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো একদিনের সফরে সিলেটে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সফর উপলক্ষে সিসিকের উদ্যোগে নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশের আয়োজন করা হয়।

সিলেট মহানগর বিএনপির নেতাদের দাবি, রাষ্ট্রপতির সফর বা তাঁর নির্ধারিত কর্মসূচি নিয়ে তাঁদের কোনো আপত্তি নেই। তবে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে পর্যাপ্ত আলোচনা না করে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন এবং অনেক নেতাকে যথাযথভাবে আমন্ত্রণ না জানানোর কারণে তাঁরা অনুষ্ঠানে অংশ নেননি।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে মহানগর বিএনপির কোনো নেতাকর্মী অংশ নেবেন না। তাঁর অভিযোগ, তাঁদের যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়নি।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর দাবি, যথাযথ প্রক্রিয়ায় নাগরিক কমিটি গঠন না করেই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আয়োজকদের ব্যবস্থাপনা ও আয়োজনের প্রক্রিয়ায় অসন্তোষ থেকেই মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো অনুষ্ঠানটি বয়কট করেছে বলে জানান তিনি।

মহানগর বিএনপির এক জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে তাঁরা বিমানবন্দরসহ বিভিন্ন কর্মসূচিতে ছিলেন এবং তাঁর মাজার জিয়ারতের সময়ও উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির সফরের সঙ্গে তাঁদের কোনো বিরোধ নেই বলেও জানান তিনি।

ওই নেতার অভিযোগ, নাগরিক সংবর্ধনার আয়োজনের ক্ষেত্রে এককভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অনেক নেতাকে সম্মানজনকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি তাঁদের গাড়িও অনুষ্ঠানস্থলের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, সংবর্ধনা অনুষ্ঠানে অনুপস্থিত নেতাদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা রয়েছেন। তাঁদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সদস্য হাদিয়া চৌধুরী মুন্নী, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর নাম রয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি সিলেট সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করেন। এরপর তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ