ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী

অবশ্যই পরুন

ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনমুক্ত সমাজ গড়ে তুলতে জাতীয়তাবাদী মহিলা দল কাজ করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালির আগে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের শিক্ষিত করে তোলার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা প্রয়োজন। দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের নেতৃত্বের সক্ষমতা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, রাষ্ট্র পরিচালনায় নারীরাও সমানভাবে দক্ষ। তাঁদের রাজনৈতিক ও সামাজিক ভূমিকা আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে।

সরকারের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান রিজভী। তিনি নারীদের জন্য ফ্যামিলি কার্ড কর্মসূচিকে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

নারীর সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্য দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। রিজভী বলেন, সবাই সরাসরি সংসদ সদস্য বা মন্ত্রী হবেন না, তবে জনগণের প্রতিনিধিরাই বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেবেন।

এ সময় অতীতে জাতীয়তাবাদী মহিলা দলের আন্দোলন-সংগ্রামের ভূমিকার কথাও তুলে ধরেন রিজভী। পাশাপাশি তারেক রহমানের জনবান্ধব ও নারীবান্ধব কর্মসূচি বাস্তবায়নে মহিলা দলের নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ