অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন চুয়াডাঙ্গার এলিজা আজাদ

অবশ্যই পরুন

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা আজাদ রহমান। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ক্যামডেন সিটি কাউন্সিলকক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় কাউন্সিলরদের সরাসরি ভোটে এলিজা আজাদ ডেপুটি মেয়র নির্বাচিত হন। তিনি অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।

এলিজা আজাদের পৈতৃক নিবাস চুয়াডাঙ্গা জেলার দর্শনায়। তাঁর বাবা আজাদুল ইসলাম আজাদ একজন বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত।

এলিজা আজাদ দুই দশকেরও বেশি সময় আগে শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। পরবর্তী সময়ে দেশটির লেবার পার্টির রাজনীতিতে সক্রিয় হন। ২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে তিনি ক্যামডেন কাউন্সিলের নর্থ ওয়ার্ড থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। দুই বছর দায়িত্ব পালনের পর এবার কাউন্সিলের ডেপুটি মেয়রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তিনি।

ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বাবা আজাদুল ইসলাম আজাদ মেয়ের এই অর্জনে গর্ব প্রকাশ করেন। তিনি লেখেন, তাঁর ছোট মেয়ে এলিজা আজাদ রহমান অস্ট্রেলিয়ার সিডনিপ্রবাসী। দুই বছর আগে ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছিলেন। এবার অস্ট্রেলিয়ান লেবার পার্টির মনোনয়নে তিনি ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন।

মেয়ের এই অর্জনকে নিজের, পরিবারের এবং বাঙালি জাতির জন্য গৌরবের বলে উল্লেখ করেন আজাদুল ইসলাম। একই সঙ্গে আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের কাছে মেয়ের জন্য দোয়া চান তিনি, যাতে নতুন দায়িত্ব সফলতার সঙ্গে পালন করতে পারেন।

এলিজা আজাদ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, দলীয় সমর্থনের পাশাপাশি কাউন্সিলরদের সরাসরি ভোটে এই দায়িত্ব পাওয়ায় স্থানীয় নাগরিকদের প্রতি তাঁর দায়বদ্ধতা ও কাজের পরিধি আরও বেড়েছে।

একজন বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করা সহজ ছিল না বলেও জানান এলিজা। নারীরা যেন রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বে আরও বেশি এগিয়ে আসতে পারেন, সেই প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি।

এলিজা আজাদ তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে স্বামী, সন্তানসহ পরিবারের সদস্যদের নিরবচ্ছিন্ন সহযোগিতার কথা জানান। পাশাপাশি বাংলাদেশি ও বিভিন্ন সাংস্কৃতিক কমিউনিটির সমর্থন তাঁর জন্য বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে বলে উল্লেখ করেন তিনি।

চুয়াডাঙ্গার এই প্রবাসী বাংলাদেশির অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ার খবরে উচ্ছ্বসিত সিডনির বাংলাদেশি কমিউনিটিও। স্থানীয় সরকারে তাঁর অবস্থান প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দাবি ও স্বার্থ তুলে ধরার পাশাপাশি স্থানীয় উন্নয়নেও ভূমিকা রাখবে বলে আশা করছেন কমিউনিটির সদস্যরা।

এর আগে বাংলাদেশি সুমন সাহা সিডনির কাম্বারল্যান্ড সিটি কাউন্সিল এবং মাসুদ খলিল ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে আরেক বাংলাদেশি মাসুদ চৌধুরী ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ