জুলাই জাতীয় সনদে সই করেনি গণফোরাম

অবশ্যই পরুন

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থেকেও সনদে সই করেনি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৫টি রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করে। তবে গণফোরাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং চারটি বাম দল এতে অংশ নিলেও স্বাক্ষর থেকে বিরত থাকে।

গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদ বাতিল এবং পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল বাদ দেওয়ার প্রস্তাবের বিষয়ে তাদের আপত্তি ছিল। তিনি বলেন, “আমরা জানিয়েছিলাম এই অংশগুলো সংশোধন করা হলে সই করব। আমাদের আশ্বস্ত করা হলেও অনুষ্ঠানে গিয়ে চূড়ান্ত কপি না পাওয়ায় স্বাক্ষর করিনি।”

তিনি আরও বলেন, “অনুষ্ঠানের পর আমরা সংশোধিত কপিটি হাতে পেয়েছি। কমিশন জানিয়েছে, প্রস্তাবিত সংশোধনগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন আমরা বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী সময়ে সই করার বিষয়ে সিদ্ধান্ত নেব।”

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, সনদে যারা এখনো সই করেননি, তারা চাইলে পরবর্তীতেও স্বাক্ষর করতে পারবেন।

গণফোরাম নেতা মিজানুর রহমান আরও জানান, তাদের কিছু ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে বিশেষ করে সংবিধানের চার মূলনীতি, বাঙালি জাতীয়তাবাদসহ কিছু ধারার বিষয়ে। এসব বিষয় নিয়ে কমিশনের সঙ্গে তাদের আলোচনা চলছে এবং তারা বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ