গ্যাস ও বিদ্যুৎ সংকটের তাৎক্ষণিক সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। এ প্রসঙ্গে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এমন কোনো ‘আলাদিনের চেরাগ’ নেই, যা ঘষলেই গ্যাস, বিদ্যুৎ ও পানির মতো সব সংকট একসঙ্গে দূর হয়ে যাবে।
শনিবার দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচরে বর্জ্যের বিনিময়ে বাজার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসকের দাবি, দেশে গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের পেছনে আগের সরকারের দায় রয়েছে। দীর্ঘদিনের এসব সমস্যার সমাধান করতে সময় প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
গ্যাস ও বিদ্যুতের দাবিতে লং মার্চের প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, এ ধরনের কর্মসূচি করলেই সমস্যার সমাধান হবে না। বরং কর্মসূচিতে অংশ নিতে যাতায়াতের সময় যে পেট্রল বা গ্যাস ব্যবহার করা হয়, সেটিও এক ধরনের জ্বালানি অপচয় বলে মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকারের আর্থিক পরিস্থিতি নিয়েও কথা বলেন ডিএসসিসির প্রশাসক। তাঁর দাবি, বিপুল ঋণের বোঝা নিয়ে সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং দায়িত্ব নেওয়ার পর প্রথম ছয় মাসেই রেকর্ড পরিমাণ ঋণ পরিশোধ করা হয়েছে।
এ কারণে সরকারকে বিরোধী দলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।
ন্যাশনিক্স/এলকে
