পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের একটি গ্রামে সরকারি জমিতে মহিষ চরানোকে কেন্দ্র করে চাঁদাবাজি ও বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। অভিযোগের ঘটনায় ১৫ থেকে ২০টি মহিষ মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারিরা। আরও কয়েকটি মহিষ অসুস্থ অবস্থায় রয়েছে।
স্থানীয় খামারিদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার গরিব খামারিরা সরকারি জমিতে তাদের মহিষ চরিয়ে আসছিলেন। এর আগে এ জন্য কোনো ধরনের চাঁদা দিতে হয়নি। সম্প্রতি উপজেলা ছাত্রদলের নেতা মাইনউদ্দিন প্রত্যেক খামারির কাছ থেকে ২০০ টাকা করে চাঁদা দাবি করেন বলে অভিযোগ তাদের।
খামারিরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মাইনউদ্দিন ঘাসের মধ্যে বিষ মিশিয়ে দেন বলে অভিযোগ করেন তারা। পরে ওই ঘাস খেয়ে প্রায় ৩০টি মহিষ অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে ১৫ থেকে ২০টি মহিষ মারা গেছে বলে খামারিদের দাবি।
ক্ষতিগ্রস্ত খামারিরা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে মহিষগুলোর মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে প্রাণিসম্পদ বিভাগের মাধ্যমে পরীক্ষা ও তদন্তের দাবি উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এলাকায় ছাত্রদলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের অভিযোগ বাড়ছে।
