১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘বিপর্যস্ত ইতিহাসের বাঁকে ঘুরে দাঁড়ানোর শপথ’ নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের যৌথ বিবৃতিতে এ শপথের কথা জানানো হয়।
বিবৃতিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডকে বাঙালি জাতির ইতিহাসের গভীরতম বেদনা ও কলঙ্কিত অধ্যায় হিসেবে উল্লেখ করা হয়। ছাত্রলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।
বিবৃতিতে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তাঁর ভূমিকা তুলে ধরে বলা হয়, ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু বাঙালির মুক্তির আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও কারাবরণের পর তিনি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন বলেও উল্লেখ করা হয়।
ছাত্রলীগের বিবৃতিতে আরও বলা হয়, ১৯৭৫ সালের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ভিন্ন পথে পরিচালিত করার অপচেষ্টা শুরু হয়েছিল। সংগঠনটির দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে রাজনৈতিক প্রতিহিংসা, রাষ্ট্রীয় কাঠামোর ভাঙন এবং ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা চলছে।
বিবৃতিতে অভিযোগ করা হয়, ৫ আগস্ট ২০২৪-এর পর সারা দেশে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, মুরাল ও ঐতিহাসিক স্মারক ভাঙচুর করা হয়েছে। ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলা এবং টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে অবমাননার ঘটনাকেও এতে তুলে ধরা হয়।
ছাত্রলীগ বলেছে, ১৫ আগস্টের শোককে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ নির্মাণের সংগ্রামকে এগিয়ে নেওয়ার মধ্যেই বঙ্গবন্ধুর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিহিত।
বিবৃতিতে আরও বলা হয়, ইতিহাসের পাতা থেকে রক্ত দিয়ে লেখা কোনো নাম মুছে ফেলা যায় না এবং সত্যকে চিরতরে ধামাচাপা দেওয়া সম্ভব নয়। মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুনেছা মুজিবসহ ১৫ আগস্টের কালরাতে শাহাদাতবরণকারী সবাই এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানায় বাংলাদেশ ছাত্রলীগ।
