অসহনীয় লোডশেডিং থেকে বাঁচতে ঘর ছেড়ে রেললাইনে গিয়ে ঘুমিয়েছিলেন দুই যুবক। কিন্তু রাতের অন্ধকারে সেই ঘুমই নেমে এলো চিরদিনের জন্য। গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন তারা।
মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার মহেশপুর ইউনিয়নের বাঐখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০) এবং নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদী শেখ (২৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকাটিতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও গরমে অতিষ্ঠ হয়ে ওই দুই যুবক বাড়ি থেকে বের হন। একটু বাতাসের আশায় তারা মহেশপুর রেলস্টেশন সংলগ্ন রেললাইনের ওপর গিয়ে শুয়ে পড়েন এবং একপর্যায়ে ঘুমিয়ে যান। গভীর রাতে খুলনাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি তাদের ওপর দিয়ে চলে গেলে দুজনই পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এলাকাটিতে মাত্রাতিরিক্ত লোডশেডিং চলায় তারা রাতের বেলা রেললাইনে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। ট্রেন চলে আসার বিষয়টি বুঝতে না পারায় এই মর্মান্তিক পরিণতি ঘটে। খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহালসহ আনুষঙ্গিক আইনি প্রক্রিয়া শুরু করেছে।
