ভারত-বাংলাদেশ সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের হাবড়া থেকে এক সন্দেহভাজন পাকিস্তানি গুপ্তচরকে গ্রেপ্তার করেছে রাজ্যের রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। গ্রেপ্তার ব্যক্তির নাম রানা রউফ, যিনি মূল বাড়ি পাকিস্তানের ফয়সালাবাদে।
এসটিএফ সূত্রে জানা গেছে, রানা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হয়ে তথ্য পাচারের কাজ করছিলেন। ২০১২ সাল নাগাদ নেপাল সীমান্ত দিয়ে বেআইনিভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন তিনি। এরপর ভুয়া পরিচয়পত্র তৈরি করে কলকাতার তপসিয়া এলাকায় ‘ওয়াহাব’ নামে বসবাস শুরু করেন এবং পেশায় কাঠমিস্ত্রি হিসেবে কাজ চালান। তার মূল কাজ ছিল ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও রেলওয়ে সংক্রান্ত গোপনীয় ও সংবেদনশীল তথ্য সংগ্রহ করে আইএসআই-এর কাছে পাঠানো।
দীর্ঘদিন ভারতে অবস্থানের পর সম্প্রতি রানা সীমান্ত পার হয়ে বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। সেই খবরের ভিত্তিতে হাবড়ায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে এসটিএফ। রানার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যেখানে বেশ কয়েকটি পাকিস্তানি নম্বরে যোগাযোগের প্রমাণ এবং বিভিন্ন সামরিক পরিকাঠামোর ছবি পাওয়া গেছে। এছাড়া তার কাছ থেকে ভুয়া ভারতীয় আধার ও ভোটার কার্ড উদ্ধার করা হয়। জাল কাগজপত্র তৈরিতে সহায়তার অভিযোগে তপসিয়া থেকে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তদন্তকারীদের মতে, রানা কেবল একা কাজ করছিলেন না, বরং কলকাতা ও আশপাশের যুবকদের নিয়ে একটি বড় নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছিলেন। পুরো ঘটনার পেছনে আরও বড় কোনো চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, সম্প্রতি বর্ধমান থেকেও মুখ্যমন্ত্রী ও বিরোধী নেতৃত্বের ওপর নজরদারির অভিযোগে দুজনকে আটক করার ঘটনার পর এই গ্রেপ্তারের ফলে সীমান্ত ও রাজ্য নিরাপত্তা নিয়ে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।
