সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, শোক জানাল ছাত্রলীগ

অবশ্যই পরুন

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি শ্রমিকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোক জানানো হয়।


বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি কর্মীর অকাল ও মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ ছাত্রলীগ গভীরভাবে শোকাহত। সংগঠনটি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের এই অপূরণীয় ক্ষতিতে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।


ছাত্রলীগের বিবৃতিতে বলা হয়, নিহতদের অনেকেই পরিবারের স্বপ্ন ও দেশের অর্থনীতিকে সচল রাখতে প্রবাসে কর্মরত ছিলেন। তাদের মৃত্যু শুধু একটি আকস্মিক দুর্ঘটনা নয়, বরং প্রবাসী শ্রমিকদের জীবন ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নও তৈরি করেছে।


বিবৃতিতে দ্রুততম সময়ে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে এনে স্বজনদের কাছে হস্তান্তর এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়।


একই সঙ্গে প্রবাসী বাংলাদেশি কর্মীদের কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি।


বিবৃতিতে আরও বলা হয়, প্রবাসীদের জীবন ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। এ ধরনের দুর্ঘটনা যাতে আর কোনো পরিবারের স্বপ্ন ভেঙে না দেয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।


শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি প্রার্থনা করা হয়।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ