শেরপুর কারাগারে হামলার দুই বছর পরও অধরা ৩৪৫ বন্দি, উদ্ধার হয়নি ১১৪৩ গুলি

অবশ্যই পরুন

শেরপুর জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পালিয়ে যাওয়া ৫১৮ জন বন্দির মধ্যে দুই বছরেও ৩৪৫ জনকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। একই ঘটনায় লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের মধ্যে এখনো ১ হাজার ১৪৩ রাউন্ড গুলি উদ্ধার হয়নি।

২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত শেরপুর জেলা কারাগারের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা কারাগারের বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীরা নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগে কারাগার থেকে অস্ত্র, গোলাবারুদ, সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন মালামাল লুট করা হয়। পাশাপাশি ৫১৮ জন বন্দি কারাগার থেকে পালিয়ে যায়।

দীর্ঘ প্রায় দুই বছরে আইনশৃঙ্খলা বাহিনী ১৭৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও এখনো ৩৪৫ জন বন্দি পলাতক রয়েছেন।

কারাগার থেকে লুট হওয়া ৯টি অস্ত্র পরবর্তীতে উদ্ধার করা হলেও বিপুল পরিমাণ গোলাবারুদ এখনো উদ্ধার হয়নি। কারাগার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, লুট হওয়া ৮৪৪ রাউন্ড চায়না রাইফেলের গুলির কোনো সন্ধান মেলেনি। এ ছাড়া শটগানের ৩৩১ রাউন্ড গুলির মধ্যে মাত্র ৩২টি উদ্ধার হয়েছে।

ফলে চায়না রাইফেল ও শটগান মিলিয়ে মোট ১ হাজার ১৪৩ রাউন্ড গুলি এখনো উদ্ধার হয়নি।

শেরপুর জেলা কারাগারের জেল সুপার শাহ্ রফিকুল ইসলাম জানান, ৮৪৪ রাউন্ড চায়না রাইফেলের গুলি এবং শটগানের ২৯৯ রাউন্ডসহ মোট ১ হাজার ১৪৩ রাউন্ড গুলির কোনো হদিস মেলেনি। একই সঙ্গে ৩৪৫ জন বন্দিও এখনো পলাতক রয়েছেন।

শেরপুর জেলা জজকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. আলমগীর কিবরিয়া কামরুল বলেন, পলাতক বন্দিদের মধ্যে গুরুতর অপরাধে অভিযুক্তরাও রয়েছেন। তাদের দ্রুত আইনের আওতায় আনা না গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

শেরপুর মডেল ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক দেলোয়ারা সোহেলী বলেন, পলাতক অপরাধী ও খোয়া যাওয়া গোলাবারুদ দ্রুত উদ্ধার করা না গেলে শেরপুরের পরিস্থিতি পুরোপুরি শান্ত করা কঠিন হবে এবং অপরাধপ্রবণতা বাড়তে পারে।

শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং খোয়া যাওয়া গোলাবারুদ উদ্ধারে গোয়েন্দা নজরদারির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ