যশোরে একই খাটে মা-ছেলের মরদেহ, শিশুর হাত-পা বাঁধা

অবশ্যই পরুন

যশোরের বাঘারপাড়ায় বসতঘরের একই খাট থেকে এক নারী ও তার ছয় বছরের শিশুপুত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির হাত-পা বাঁধা এবং মায়ের গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় থাকায় ঘটনাটি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার খলশী গ্রামের দক্ষিণপাড়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন খলশী গ্রামের জাকির হোসেনের স্ত্রী জুবায়দা খাতুন (৩২) এবং তাদের ছয় বছরের ছেলে জিসান।

নিহতের স্বজনরা জানান, ঘরের ভেতর একই খাটের ওপর পড়ে ছিল মা ও ছেলের লাশ। শিশুটির হাত-পা গামছা দিয়ে বাঁধা ছিল। অন্যদিকে জুবায়দা খাতুনের গলায় ওড়না প্যাঁচানো থাকলেও ওড়নার দুই প্রান্ত তার নিজের হাতে ধরা ছিল।

নিহত জুবায়দার ছোট বোন পিনজিরা জানান, তার বোনের স্বামী জাকির দীর্ঘদিন বিদেশে থাকার পর প্রায় এক বছর আগে দেশে ফেরেন। জাকিরের সঙ্গে তার ভাই শিহাবের জায়গা-জমি নিয়ে বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

তবে স্থানীয় এক প্রতিবেশী জানান, পরিবারের বাইরে তাদের তেমন কোনো শত্রুতা ছিল না।

বাঘারপাড়া থানার এসআই পলাশ জানান, ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি দেখে বিষয়টি সাধারণ আত্মহত্যা বলে মনে হচ্ছে না। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য স্পষ্ট হবে। এ ঘটনায় তদন্ত চলছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ