তীব্র গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সারাদেশে দেখা দিয়েছে ঘন ঘন লোডশেডিং। এর ওপর অস্বাভাবিক ও অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের মধ্যে বাড়ছে ক্ষোভ। বিদ্যুৎ সংকটে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন।
তীব্র তাপপ্রবাহের মধ্যে সারাদেশে বিদ্যুতের লোডশেডিং বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দিনের পাশাপাশি রাতেও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ভোগান্তি আরও বেড়েছে। প্রচণ্ড গরমে বিদ্যুৎবিহীন অবস্থায় ঘরে থাকা কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ করছেন অনেকেই।
শুধু লোডশেডিং নয়, একই সময়ে অনেক গ্রাহকের হাতে আসছে অস্বাভাবিক ও অতিমাত্রায় বিদ্যুৎ বিল। আগের মাসের তুলনায় কয়েকগুণ বেশি বিল আসায় ক্ষোভ প্রকাশ করছেন গ্রাহকরা। বিদ্যুৎ ব্যবহার কম থাকলেও কেন এত বেশি বিল আসছে—তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে গতকাল সিলেটে অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে ক্ষুব্ধ সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন। বিদ্যুতের দাবিতে তারা বিক্ষোভ ও প্রতিবাদ জানান। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকা এবং তীব্র গরমে জনদুর্ভোগ চরমে পৌঁছায়। এ সময় বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনাও করেন বিক্ষোভকারীরা।
স্থানীয়দের অভিযোগ, নিয়মিত ও দীর্ঘ সময়ের লোডশেডিংয়ের কারণে ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালতসহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ না থাকায় পানির সরবরাহ ও দৈনন্দিন কাজেও নানা সমস্যা দেখা দিচ্ছে।
সাধারণ মানুষের দাবি, তীব্র গরমের এই সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি অস্বাভাবিক বিদ্যুৎ বিলের বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে লোডশেডিংয়ের সঠিক কারণ জনসম্মুখে তুলে ধরে সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
বিদ্যুৎ সংকট ও অতিরিক্ত বিলের কারণে একদিকে যেমন মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, অন্যদিকে বাড়ছে ক্ষোভ ও অসন্তোষ। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।
