বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিলে তিনি দেশে ফিরে নিজের বিরুদ্ধে থাকা হত্যা মামলাসহ সব আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত। তবে বর্তমান পরিস্থিতিতে দেশে ফেরা সম্ভব না হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফেরার চেষ্টা করবেন বলেও জানান তিনি।
বর্তমানে শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে থাকা সাকিব রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি কোনো অন্যায় করেননি বলে বিশ্বাস করেন এবং দ্রুতই দেশে ফিরতে চান। শেখ হাসিনাকে নিজের “অধিনায়ক” উল্লেখ করে তিনি বলেন, তার সিদ্ধান্ত অনুযায়ীই তিনি পদক্ষেপ নেবেন।
