নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেমকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিতে তার ঘনিষ্ঠ সহযোগী ও ফার্মেসি ব্যবসায়ী ইয়াছিন সেন্টু গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে চৌমুহনী হকার্স মার্কেটের মূল গলিতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে হকার্স মার্কেটের কার্যালয় থেকে সহযোগী ইয়াছিন সেন্টুকে নিয়ে বের হলে দুর্বৃত্তরা হাজী আবুল কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় সেন্টু তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে গুলিটি তার বুকের বাম পাশে বিদ্ধ হয়। আবুল কাশেমের হাতেও গুলির আঁচড় লাগে বলে জানা গেছে।
গুলির শব্দ শুনে স্থানীয়রা আহত সেন্টুকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
বেগমগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আনম ইমরান খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাজী আবুল কাশেমকে লক্ষ্য করেই গুলি ছোড়া হয়েছিল, তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার সহযোগী গুলিবিদ্ধ হয়েছেন।
ন্যাশনিক্স/এলকে
