জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশে ‘জুলাই পদযাত্রা’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে ঘোষিত কর্মসূচির পথনকশায় গোপালগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, সুনামগঞ্জ ও রাঙামাটি জেলার নাম নেই।
শনিবার এক সংবাদ সম্মেলনে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানান, প্রথম ধাপে যেসব ১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা করা হয়েছে, সেসব এলাকাতেই পদযাত্রা অনুষ্ঠিত হবে। যেসব জেলায় এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলো এই ধাপের কর্মসূচিতে রাখা হয়নি।
তিনি বলেন, দ্বিতীয় ধাপে আরও ১০০ প্রার্থী ঘোষণা করা হলে ওই জেলা ও উপজেলাগুলোতেও সাংগঠনিক সফর ও পদযাত্রা করা হবে।
সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় এ পদযাত্রা অনুষ্ঠিত হবে। তিনি জানান, গত বছরের ধারাবাহিকতায় এবারও জুলাইজুড়ে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
এনসিপির একটি সূত্র জানায়, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে দলটির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছিল। সে ঘটনার পরিপ্রেক্ষিতে এবার নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আপাতত গোপালগঞ্জে পদযাত্রা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, উত্তরাঞ্চলের পদযাত্রা ৬ জুলাই গাজীপুরের কালীগঞ্জ থেকে শুরু হবে। অন্যদিকে দক্ষিণাঞ্চলের কর্মসূচি শুরু হবে ৭ জুলাই কক্সবাজারের উখিয়া থেকে। জুলাই মাসজুড়ে দেশের বিভিন্ন উপজেলা ও পৌরসভায় ধারাবাহিকভাবে এ কর্মসূচি চলবে।
ন্যাশনিক্স/এলকে
