খুলনার রূপসা বেড়িবাঁধ এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে এক কিশোরী আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে জানিয়েছে পুলিশ।
গুলিবিদ্ধ কিশোরীকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাঁ পায়ে গুলি লেগেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এ নিয়ে গত পাঁচ দিনে খুলনায় গুলিবিদ্ধ হওয়ার এটি তৃতীয় ঘটনা। এর আগে ২ জুলাই নগরীর আশিবিঘা এলাকায় এক যুবক এবং ২৮ জুন গল্লামারী এলাকায় এক ভাঙারি ব্যবসায়ী দুর্বৃত্তদের গুলিতে আহত হন। ওই দুই ঘটনাতেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
পুলিশের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে খুলনায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বেড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ন্যাশনিক্স/এলকে
