জুলাই গণঅভ্যুত্থানে নিহত শেখ শাহরিয়ার বিন মতিনের মা মমতাজ বেগম স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তার দাবি, শহীদ ছেলের নামে পাওয়া সরকারি অনুদানের অর্থ ব্যবহার করে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন। এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে তিনি ও তার মেয়েকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলেও অভিযোগ করেন।
মমতাজ বেগমের ভাষ্য, ছেলের মৃত্যুর পর পরিবারের শোকের সময় তার স্বামী ব্যক্তিস্বার্থে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তিনি আরও অভিযোগ করেন, সরকারি অনুদানের অর্থ থেকে মোটা অঙ্কের টাকা ও স্বর্ণালংকার ব্যয় করে দ্বিতীয় বিয়ে করা হয়েছে।
এছাড়া তিনি দাবি করেন, শহীদ পরিবারের জন্য বরাদ্দ করা এককালীন সরকারি অনুদানের অর্থ জাল স্বাক্ষরের মাধ্যমে তোলার চেষ্টা করা হয়েছিল। পাশাপাশি ছেলের নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও করেন তিনি। এসব বিষয়ে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানিয়েছেন শাহরিয়ারের মা।
স্থানীয় এক ইউপি সদস্য জানিয়েছেন, আবদুল মতিনের দ্বিতীয় বিয়ের খবর তিনি স্থানীয়ভাবে জেনেছেন। তার ভাষ্য অনুযায়ী, কোরবানির ঈদের পর ওই বিয়ে সম্পন্ন হয়েছে।
শেখ শাহরিয়ার বিন মতিন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার মিরপুর-১০ এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর ২০ জুলাই তার মৃত্যু হয়।
পরে বিশেষ ব্যবস্থায় প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলে শাহরিয়ার জিপিএ-৪.৮৩ অর্জন করেন। তার শিক্ষকেরা তাকে একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে উল্লেখ করেছেন।
ন্যাশনিক্স/এলকে
