শেখ হাসিনার উদ্যোগে বাস্তবায়িত পদ্মা সেতুতে চার বছরে আয় ৩ হাজার ৩০০ কোটি টাকার বেশি

অবশ্যই পরুন

আজ পদ্মা সেতুতে যান চলাচল শুরুর চার বছর পূর্ণ হলো। ২০২২ সালের ২৬ জুন সেতুটি যানবাহনের জন্য উন্মুক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত ২ কোটি ৬৬ লাখ ৯৭ হাজার ৫১৪টি যানবাহন সেতু ব্যবহার করেছে। এ সময় টোল বাবদ আদায় হয়েছে ৩ হাজার ৩০০ কোটি টাকার বেশি।

২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পরদিন যান চলাচল শুরু হয় পদ্মা সেতুতে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাস্তবায়িত এই বহুমুখী সেতু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন এনে দেয়।

সেতু চালুর পর সড়ক যোগাযোগের পাশাপাশি রেল যোগাযোগও যুক্ত হয়েছে। ২০২৩ সালে পদ্মা সেতুর রেলপথ চালু হয় এবং পরে খুলনা ও বেনাপোল পর্যন্ত সরাসরি ট্রেন চলাচলের সুযোগ সৃষ্টি হয়। এতে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমে আসে।

পদ্মা সেতুর মাধ্যমে কৃষিপণ্য পরিবহন, শিল্প ও ব্যবসা-বাণিজ্যে গতি এসেছে। একই সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন, ইন্টারনেট সংযোগ এবং ভবিষ্যতে গ্যাস সরবরাহের অবকাঠামো ব্যবহারের সুযোগও তৈরি হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চার বছরে সেতু দিয়ে ২ কোটির বেশি যানবাহন চলাচল করেছে এবং টোল আদায় ধারাবাহিকভাবে বেড়েছে। ঈদুল আজহার সময় একদিনে সর্বোচ্চ যানবাহন পারাপার ও টোল আদায়ের একাধিক রেকর্ডও গড়ে ওঠে।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই বহুমুখী সেতু দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প। বর্তমানে সেতুর ওপর দিয়ে সড়কপথে যানবাহন এবং নিচ দিয়ে রেল চলাচল করছে। আধুনিক টোল ব্যবস্থা, নজরদারি ক্যামেরা এবং উন্নত এক্সপ্রেসওয়ে সংযোগের মাধ্যমে পদ্মা সেতু দেশের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ