চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম গ্রেপ্তারের একদিন পর কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারাগার সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এই নেতাকে মঙ্গলবার বিকেলে একটি মামলায় গ্রেপ্তার করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।
পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার সকালে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নুরুল আলমের মৃত্যুর সনদে মৃত্যুর কারণ হিসেবে শ্বাসকষ্টজনিত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর নুরুল আলমকে হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
