বিশ্বকাপের গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে আর্জেন্টিনা। দলের ডানপ্রান্তের ডিফেন্ডার গনসালো মন্টিয়েল হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আগামী ম্যাচে খেলতে পারবেন না বলে জানা গেছে।
দলীয় সূত্রের বরাত দিয়ে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, পরীক্ষার পর মন্টিয়েলের ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ছোট ধরনের চোট ধরা পড়েছে। চোট গুরুতর না হলেও বৃহস্পতিবার তিনি দলের পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিতে পারেননি। ফলে সোমবার ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে তাকে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
মন্টিয়েলের অনুপস্থিতিতে ডানপ্রান্তের রক্ষণভাগে নাহুয়েল মলিনাকে শুরুর একাদশে দেখা যেতে পারে। প্রথম ম্যাচে একাদশে সুযোগ না পেলেও আলজেরিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ভালো পারফরম্যান্স উপহার দিয়েছিলেন তিনি। কোচিং স্টাফও তাকে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করছে।
যদিও অস্ট্রিয়ার ম্যাচে খেলার সম্ভাবনা কম, তবুও মন্টিয়েল পুরোপুরি হাল ছাড়ছেন না। শনিবার ও রবিবার আলাদাভাবে অনুশীলন করে দ্রুত সুস্থ হওয়ার চেষ্টা করবেন তিনি। তবে দলীয় মেডিকেল স্টাফের মূল্যায়ন অনুযায়ী, এই ম্যাচে তাকে ঝুঁকি নিয়ে খেলানোর সম্ভাবনা নেই।
উল্লেখ্য, বর্তমান চোটটি মন্টিয়েলের আগের হ্যামস্ট্রিং সমস্যার সঙ্গে সম্পর্কিত নয়। আর্জেন্টিনা লিগের সেমিফাইনালে রোজারিও সেন্ট্রালের বিপক্ষে তিনি অন্য পায়ে চোট পেয়েছিলেন, যার কারণে বেলগ্রানোর বিপক্ষে ফাইনালেও খেলতে পারেননি।
বিশ্বকাপ প্রস্তুতির সময়ও পুরো স্কোয়াডের সঙ্গে নিয়মিত অনুশীলন করতে পারেননি মন্টিয়েল। প্রায় এক সপ্তাহ আলাদা ট্রেনিং করার পাশাপাশি হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও মিস করেছিলেন তিনি। তবে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন।
এদিকে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে জয় তুলে নিয়ে নকআউট পর্বের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় আর্জেন্টিনা। ডালাসে সোমবার স্থানীয় সময় দুপুর ২টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী শনিবার কানসাসে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
