পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার ওয়াজির উপবিভাগের মারকা বেরা এলাকায় পরপর দুটি শক্তিশালী বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। শনিবার সংঘটিত এ ঘটনায় পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বান্নুর জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ইয়াসির আফ্রিদি জানান, দুটি বিস্ফোরণে মোট সাতজন প্রাণ হারিয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে তদন্ত কার্যক্রম শুরু করে।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, প্রথম বিস্ফোরণটি ডোমেলের দিকে যাওয়ার পথে একটি যাত্রীবাহী গাড়িকে লক্ষ্য করে ঘটানো হয়। বিস্ফোরণের তীব্রতায় গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।
প্রথম বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারা উদ্ধার তৎপরতায় অংশ নেন এবং আহতদের হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রথম ঘটনার স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে আহতদের বহনকারী একটি গাড়ি হাসপাতালে যাওয়ার পথে দ্বিতীয় বিস্ফোরণের শিকার হয়। এতে আরও দুইজন নিহত হন এবং গাড়িটিও ধ্বংস হয়ে যায়।
পরবর্তীতে রেসকিউ ১১২২-এর সদস্যরা নিহতদের মরদেহ ও আহতদের ডোমেল রুরাল হেলথ সেন্টার এবং খলিফা গুল নাওয়াজ টিচিং হাসপাতালে স্থানান্তর করেন।
ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে। অতিরিক্ত বিস্ফোরক থাকার আশঙ্কায় বিস্তৃত অনুসন্ধান চালানো হচ্ছে। এ ঘটনায় বান্নুর দুর্গম পাহাড়ি অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা বৃদ্ধি পেয়েছে।
ন্যাশনিক্স/এপি
