বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলের পরাজয়ের পর ম্যাচ পরিচালনা নিয়ে আনুষ্ঠানিকভাবে অসন্তোষ প্রকাশ করেছে আলজেরিয়ান ফুটবল ফেডারেশন (এএফএফ)। সংস্থাটি ফিফার কাছে একটি প্রতিবেদন জমা দিয়ে ম্যাচের কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে।
পোল্যান্ডের রেফারি সাইমন মারচিনিয়াকের দুটি সিদ্ধান্তকে কেন্দ্র করে আপত্তি তুলেছে আলজেরিয়া। তাদের দাবি, এসব ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হলে ম্যাচের পরিস্থিতি ভিন্ন হতে পারত।
প্রথম অভিযোগটি করা হয়েছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে। আলজেরিয়ার মতে, দলের অধিনায়ক আঈসা মান্দির সঙ্গে এক দ্বৈরথে মেসির বুটের স্পাইক মান্দির পায়ে আঘাত করলেও রেফারি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি। ফেডারেশনের দাবি, ঘটনাটি অন্তত ফাউল হিসেবে বিবেচিত হওয়ার মতো ছিল।
দ্বিতীয় অভিযোগটি আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকে নিয়ে। আলজেরিয়ার অভিযোগ, মিডফিল্ডার ইব্রাহিম মাজার মুখে ম্যাক অ্যালিস্টারের কনুইয়ের আঘাত লাগলেও রেফারি কিংবা ভিডিও সহকারী রেফারি (ভিএআর) কোনো পদক্ষেপ নেননি। এ ঘটনাও পর্যালোচনার দাবি জানিয়েছে উত্তর আফ্রিকার দেশটি।
আলজেরিয়ান ফুটবল ফেডারেশনের মতে, উভয় ঘটনায় কঠোর শাস্তি এমনকি লাল কার্ডও বিবেচনায় আসতে পারত। তাদের যুক্তি, ম্যাচের কোনো এক পর্যায়ে আর্জেন্টিনাকে একজন বা একাধিক খেলোয়াড় কম নিয়ে খেলতে হলে মাঠের চিত্র এবং ফলাফল ভিন্ন হতে পারত।
তবে মাঠের খেলায় শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকের সুবাদে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ৩-০ গোলের জয় তুলে নেয় এবং টুর্নামেন্টে শক্ত অবস্থান তৈরি করে।
এদিকে নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ২৩ জুন জর্ডানের মুখোমুখি হবে আলজেরিয়া। অন্যদিকে ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা, যেখানে জয় পেলে নকআউট পর্বের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে আলবিসেলেস্তেরা।
ন্যাশনিক্স/এপি
