আওয়ামী লীগের বৈঠকে মব করতে গিয়ে আহত বিএনপির ৬ নেতাকর্মী

অবশ্যই পরুন

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় আওয়ামী লীগের বৈঠকস্থলে মব কর‍তে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মী আহত হয়েছেন।

বুধবার (১০ জুন) রাতে উপজেলার বড়পিলাক ও বাইল্যাছড়ি এলাকায় পৃথকভাবে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বড়পিলাক এলাকার একটি বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বৈঠক করছেন এমন খবর পেয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী সেখানে মহ করতে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হন।

আহতরা হলেন হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির, বড়পিলাক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মামুন, সদস্য জাহাঙ্গীর আলম রনি, যুবদল নেতা মামুন ও মাহবুব আলম।

একই সময়ে উপজেলার বাইল্যাছড়ি এলাকায় পৃথক ঘটনায় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. বাবু আহত হন। তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলার সঙ্গে জড়িত। তবে এ বিষয়ে আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, ঘটনার বিষয়ে তিনি অবগত হয়েছেন। তবে এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ