কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় এক নারী ও তার স্কুলপড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল একটি বাড়িতে প্রবেশ করে। তারা নগদ অর্থ, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
একপর্যায়ে বাড়িতে থাকা এক নারী ও তার কন্যার ওপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেন স্বজনরা।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে আহত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন, মেয়েটির শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে স্থানীয়দের সহযোগিতায় পরিচালিত অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মাতামুহুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মাসুদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেনও জানিয়েছেন, এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
ন্যাশনিক্স/এলকে
