ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি-র কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী-র ওপর হামলার ঘটনায় অবশেষে মামলা নিয়েছে পুলিশ। ঘটনার প্রায় সাত ঘণ্টা পর শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মামলাটি নথিভুক্ত করা হয়।
স্থানীয় এনসিপি নেতা তারেক রেজা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানা-য় মামলাটি দায়ের করেন।
মামলায় ছাত্রদল-এর ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এস এম সোমেনুজ্জামান সোমেন এবং সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল-সহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ১১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলা দায়েরের পর ঝিনাইদহ থানা ঘেরাও করেন ছাত্রদল ও যুবদল-এর নেতাকর্মীরা। এসময় থানার প্রধান ফটক বন্ধ করে দেওয়া হলে বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে বলে জানা গেছে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শহরের বিভিন্ন স্থান থেকে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল-এর নেতাকর্মীরা থানার সামনে জড়ো হন। অভিযোগ রয়েছে, তারা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর দ্বিতীয় দফায় হামলার চেষ্টা করেন।
সেসময় নাসীরুদ্দীন পাটওয়ারী দলীয় নেতাকর্মীদের নিয়ে থানার ভেতরে অবস্থান করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ থানার প্রধান ফটকে গাড়ি দিয়ে ব্যারিকেড তৈরি করে। পরে পুলিশ পাহারায় তিনি ঝিনাইদহ ত্যাগ করেন।
রাত সাড়ে ১০টার দিকে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শহরের পায়রা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন। তারা দাবি করেন, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না করা পর্যন্ত কর্মসূচি চলবে।
এসময় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু-সহ অন্যান্য নেতারা।
এদিকে মামলার বিষয়ে জেলা পুলিশের কর্মকর্তাদের বক্তব্য জানতে চাওয়া হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
ন্যাশনিক্স/এলকে
