রাজনীতিতে আমার আরো বেশি কিছু করার আছে: সাকিব আল হাসান

অবশ্যই পরুন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, রাজনৈতিক জীবনের শুরুতে নানা সমালোচনা ও বিতর্কের মুখে পড়লেও তিনি হতাশ নন। বরং এই অভিজ্ঞতা তাকে আরও পরিপক্ব করেছে এবং রাজনীতিতে কাজ করার আগ্রহ বাড়িয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাজনীতিতে আসার সিদ্ধান্তকে এখনো সঠিক বলেই মনে করেন। তার ভাষ্য, কোনো সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে সবার কাছে ঠিক মনে না হলেও সময়ের সঙ্গে সেটির মূল্য বোঝা যায়।

সাকিব বলেন, তিনি একটি নির্দিষ্ট এলাকার মানুষের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ক্রিকেটার হিসেবে তিনি পুরো দেশের প্রতিনিধিত্ব করলেও নির্বাচনে তাকে বিজয়ী করেছেন তার এলাকার ভোটাররা। মানুষের এই পার্থক্য বোঝা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

দেশের রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে সাকিব বলেন, অনেক মানুষের কাছে রাজনীতি এখনো নেতিবাচক বিষয় হিসেবে দেখা হয়। তবে তার মতে, মানুষের সেবা করার অন্যতম বড় মাধ্যম হলো রাজনীতি। তিনি মনে করেন, শুধু সিদ্ধান্ত নিলেই পরিবর্তন আসে না; সিস্টেম বদলাতে আরও বেশি কাজ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, অনেকেই ব্যক্তিগত লাভের জন্য রাজনীতিতে আসেন, সেবার মানসিকতা নিয়ে আসা মানুষদের সুযোগ কম দেওয়া হয়। তবে যে কেউ রাজনীতিতে অংশ নিতে পারেন এবং খারাপ কাজের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি নির্দোষ কেউ যেন ভোগান্তিতে না পড়েন, সেটিও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

নেতা-কর্মীদের সঙ্গে এখনো যোগাযোগ রয়েছে জানিয়ে সাকিব বলেন, তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। দেশে ফেরা বা রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে দলের নেতা-কর্মীরা কী ভাববেন, সে বিষয়ে মন্তব্য করতে চাননি তিনি।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ