থানায় গিয়ে এসপি বললেন তিনিও ছিনতাইয়ের শিকার

অবশ্যই পরুন

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্রকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার মুখে পড়ে গুলিবর্ষণ করেছে পুলিশ। সোমবার ভোরে মোহাম্মদপুর টাউন হল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ধানমন্ডি ২৭ এলাকায় মোটরসাইকেলযোগে ছিনতাই করছিল একটি চক্র। খবর পেয়ে পুলিশ ধাওয়া করলে ছিনতাইকারীরা মোহাম্মদপুরের দিকে পালিয়ে যায়। পরে টাউন হল এলাকায় পৌঁছালে তারা পুলিশের ওপর হামলা চালায়।

আত্মরক্ষার্থে পুলিশ চার রাউন্ড গুলি ছোড়ে। এতে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন পলাশ, সাকিব ও বিপ্লব হোসেন। পুলিশ জানায়, পলাশ ও সাকিব দুই ভাই এবং বিপ্লব তাদের বোন জামাই। তারা গাজীপুরের টঙ্গী পূর্ব থানার বাসিন্দা।

অভিযানস্থল থেকে ছুরি, চাপাতি, চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল এবং ছিনতাই হওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, এই চক্রটি মোটরসাইকেল ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশার যাত্রী ও পথচারীদের টার্গেট করে ছিনতাই চালাত।

এদিকে চক্রটির গ্রেপ্তারের খবর পেয়ে ধানমন্ডি থানায় যান শামীমা ইয়াসমিন। তিনি বর্তমানে Bangladesh Police Staff College-এ কর্মরত রয়েছেন।

তিনি জানান, দুই দিন আগে ল্যাবএইড হাসপাতালের সামনে অটোরিকশায় ফেরার সময় একই চক্র তার ব্যাগ ছিনিয়ে নেয়। উদ্ধার হওয়া মোবাইলের মধ্যে তার ফোন আছে কি না তা দেখতে থানায় যান তিনি।

রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান জানান, চক্রটিতে মোট পাঁচজন সদস্য ছিল। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ