সানকিপাড়া এলাকার এস. এ. সরকার রোড বর্তমানে ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, দিন-রাত বিভিন্ন সময়ে সংঘবদ্ধ অপরাধী চক্র এলাকায় সক্রিয় থাকায় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সাম্প্রতিক এক ঘটনায়, গতকাল রাত প্রায় ৮টার দিকে এক শিক্ষার্থী টিউশনির ১৩ হাজার টাকা নিয়ে বাসা থেকে বের হলে পথিমধ্যে দুই দুর্বৃত্ত তার পথরোধ করে। অভিযোগ রয়েছে, ছুরি দেখিয়ে তার কাছে থাকা সব টাকা ছিনিয়ে নেয় তারা। ওই অর্থ অসুস্থ মায়ের চিকিৎসার জন্য পরিবারের কাছে পাঠানোর কথা ছিল বলে জানা গেছে।
স্থানীয় শিক্ষার্থী ও মেসবাসীদের দাবি, শুধু রাতে নয় সকাল, দুপুর এবং সন্ধ্যাতেও বিভিন্ন সময়ে ছিনতাইকারীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। অনেকের অভিযোগ, অপরাধীরা মাঝে মধ্যেই মেসের আশপাশে ঘোরাফেরা করে, এমনকি দরজায় এসে ডাকাডাকি করার ঘটনাও ঘটছে।
এলাকাবাসীর অভিযোগ, জনবহুল এলাকা হওয়া সত্ত্বেও অপরাধীদের সংঘবদ্ধ তৎপরতা এবং অস্ত্রের ভয়ে কেউ সহজে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। ফলে শিক্ষার্থীসহ সাধারণ পথচারীদের মধ্যে আতঙ্ক আরও বাড়ছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ পুলিশ-এর দ্রুত হস্তক্ষেপ ও নিয়মিত টহল জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
