মোটরসাইকেল চুরি করে পালাতে গিয়ে প্রাণ গেল জামায়াত নেতার ছেলের

অবশ্যই পরুন

ঝিনাইদহ সদর উপজেলার ঊনিশ মাইল এলাকায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় ওবায়দুল্লাহ আল মাসুদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৩ মে ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও জামায়াত নেতা আতিয়ার রহমানের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ শহরের পাগলা কানাই এলাকা থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তা রাসেল হোসেনের একটি মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছিলেন মাসুদ। পালানোর সময় তিনি ঊনিশ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

মোটরসাইকেলের মালিক রাসেল হোসেন জানান, তিনি কাজের ব্যস্ততার মধ্যে থাকাকালে হঠাৎ দেখতে পান তার মোটরসাইকেলটি নিয়ে একজন দ্রুত পালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে ধাওয়া করেও তাকে আটকাতে পারেননি। পরে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি নিশ্চিত হন যে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি তারই।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। নিহতের কাছে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর হোসেন বলেন, মোটরসাইকেল চুরি করে দ্রুত পালানোর সময় অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ