মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬ (NHSPC) উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। এতে শিক্ষার্থীদের আঞ্চলিক পর্যায়ে অংশগ্রহণ নিশ্চিত করতে দ্রুত প্রচার-প্রচারণা চালানো এবং নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার কথা বলা হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়, প্রতিযোগিতার জন্য অনলাইন নিবন্ধন কার্যক্রম আগামী শনিবার (২ মে) রাত ১২টার মধ্যে শেষ করতে হবে। আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবে।
আসন্ন ১৬ মে দেশজুড়ে আঞ্চলিক পর্যায়ের প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মাউশি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর আয়োজনে হাইস্কুল, মাদরাসা, পলিটেকনিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
চিঠির অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও পাঠানো হয়েছে এবং শিক্ষার্থীদের সময়মতো নিবন্ধন নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
