ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর থাকলেও আন্তর্জাতিক তেলের বাজারে স্বস্তি ফেরেনি। বরং শুক্রবার সকালে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম, যা বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা পুরোপুরি না কমায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা রয়ে গেছে। বিশেষ করে সৌদি আরবের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা এবং লেবাননে ইসরায়েলের সামরিক কার্যক্রম অব্যাহত থাকায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।
এর পাশাপাশি, বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কাও তেলের সরবরাহ নিয়ে শঙ্কা বাড়াচ্ছে। ফলে বাজারে চাপ তৈরি হচ্ছে এবং দামের ওপর প্রভাব পড়ছে।
সাম্প্রতিক তথ্যে দেখা গেছে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯৬ দশমিক ৭৫ ডলারে পৌঁছেছে, যা আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের মূল্যও বেড়ে প্রায় ৯৮ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞদের ধারণা, চলমান ভূরাজনৈতিক উত্তেজনা যদি দ্রুত না কমে, তাহলে নিকট ভবিষ্যতে তেলের বাজারে এই অস্থিরতা অব্যাহত থাকতে পারে।
ন্যাশনিক্স/টিএইচ
