চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় হিজরা খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে স্থানীয়রা খালে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে চকবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত যুবকের নাম বিদ্যুৎ মিয়া (২৫-৩০)। তার বাড়ি গাইবান্ধা জেলায়। তিনি ওই এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
স্থানীয় বাসিন্দা আহসান হাবিবুল আলম জানান, রাতে খালে একটি মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে অবহিত করে। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
