ময়মনসিংহে শিক্ষামন্ত্রীর অনুষ্ঠান বর্জন করল সাংবাদিকরা

অবশ্যই পরুন

ময়মনসিংহে দুই শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা থেকে সাংবাদিকদের বের হয়ে যেতে বলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠান বর্জন করেছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। সোমবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ টাউনহলের তারেক স্মৃতি অডিটরিয়ামে এ ঘটনা ঘটে।

উপস্থিত সাংবাদিকদের অভিযোগ, তারা অনুষ্ঠান কাভারেজের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। এ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সভায় প্রবেশ করে সাংবাদিকদের উদ্দেশে বলেন, তাদের সেখানে থাকার প্রয়োজন নেই এবং চলে যেতে বলেন।

শিক্ষামন্ত্রী জানান, অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। পরে উপস্থিত শিক্ষকরা সাংবাদিকদের হল ত্যাগ করতে বলেন। এক পর্যায়ে শিক্ষকদের সঙ্গে সাংবাদিকদের বাকবিতণ্ডা সৃষ্টি হয় এবং সাংবাদিকদের জোর করে অডিটরিয়াম থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জানান, শিক্ষাবোর্ডের পক্ষ থেকেই এই অনুষ্ঠান কাভার করার জন্য সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সাংবাদিকরা সময়মতো উপস্থিত থাকলেও তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে। এর প্রতিবাদে তারা অনুষ্ঠানটির সংবাদ প্রচার বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন এবং ঘটনার নিন্দা জানিয়েছেন।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ