রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাসডুবির ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এ তথ্য জানান।
তিনি বলেন, এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান চলমান থাকবে এবং নদীর বিস্তীর্ণ এলাকায় তল্লাশি অব্যাহত রাখা হবে।
রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, প্রায় সাত ঘণ্টা চেষ্টা চালিয়ে ডুবে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। বাসে ঠিক কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি, তবে অনেকেই এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে একজন নারী ও পাঁচজন পুরুষের পরিচয় নিশ্চিত করা গেছে।
এর আগে রাত পৌনে ১২টার দিকে নদীর নিচে থাকা বাসটির সামনের অংশ উদ্ধার করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের ডুবুরি দল একের পর এক মরদেহ উদ্ধার করে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের কমান্ডার মো. বেলাল উদ্দিন জানান, ডুবুরি দল ও বিভিন্ন ইউনিটের সদস্যরা সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ৩ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ জন যাত্রীসহ পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই বাসটি তলিয়ে যায়। এখন পর্যন্ত কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ন্যাশনিক্স/এলকে
