আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস আজ সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পালিত হচ্ছে। ১৯৭১ সালের এই দিনে বিশ্ব মানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ।
একাত্তরের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে নিরস্ত্র বাঙালির ওপর গণহত্যা শুরু করে। সেই ভয়াল রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। পরবর্তীতে চট্টগ্রামের কালুরঘাট থেকে এ ঘোষণা প্রচারিত হয় এবং শুরু হয় নয় মাসব্যাপী মুক্তিযুদ্ধ।
দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করে বাংলাদেশ।
স্বাধীনতা দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তারেক রহমান। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, কূটনীতিক, বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষ শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
আজ সরকারি ছুটি। দিনটি ঘিরে জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্টসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়া দেশব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া ও উপাসনার আয়োজন করা হয়েছে।
ন্যাশনিক্স/এলকে
