কক্সবাজারে ছুরিকাঘাতে নিহত জুলাই যোদ্ধা খোরশেদ আলম

অবশ্যই পরুন

কক্সবাজার শহরের সৈকত এলাকার কবিতা চত্বরে ছুরিকাঘাতে জুলাই যোদ্ধা খোরশেদ আলম নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম কক্সবাজার সদর উপজেলার ইসুলুর ঘোনা এলাকার বাসিন্দা এবং শাহ্ আলমের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে কবিতা চত্বরে অবস্থানকালে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা তার ওপর হামলা চালায়। এ সময় তাকে ছুরি দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, তার পেট ও পায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনার পর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের সঙ্গে থাকা এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে।

হত্যাকাণ্ডের পর শহরে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে হাসপাতালের সামনে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন।

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রিদুয়ানুল হক অভিযোগ করেন, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে এবং দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ