হুমকি ও সিন্ডিকেটের চাপে দেশ ছাড়লেন ‘নবীন পাঞ্জাবি’র এমডি

অবশ্যই পরুন

সিন্ডিকেটের চাপ ও হুমকির অভিযোগ তুলে দেশ ছেড়েছেন ‘নবীন পাঞ্জাবি’র ব্যবস্থাপনা পরিচালক হাফেজ এনামুল হাসান নবীন, যিনি নবীন হাশেমি নামেও পরিচিত। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে যান।

দেশ ছাড়ার বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন। একটি পোস্টে তিনি জানান, হুমকি ও চাপের কারণে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ফিরে আসার আশা প্রকাশ করেন তিনি।

এর আগে একই দিন রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে দেশ ছাড়ার ঘোষণা দেন নবীন হাশেমি। তিনি অভিযোগ করেন, কয়েকদিন ধরে বিভিন্ন নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল এবং তার কাছে থাকা কিছু ভিডিও মুছে ফেলতে বলা হয়। তা না করলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

তিনি দাবি করেন, ইতোমধ্যে তার একটি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। আরও অভিযোগ করে বলেন, একটি ব্যবসায়ী সিন্ডিকেট পুলিশের সহায়তায় তাদের কার্যক্রমে বাধা দিচ্ছে এবং নির্দিষ্ট দামের নিচে পণ্য বিক্রি করতে নিষেধাজ্ঞা দিচ্ছে।

নবীন হাশেমি জানান, প্রবাস জীবন শেষে দেশে ফিরে কম দামে মানসম্মত পোশাক সরবরাহের লক্ষ্য নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। তার প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কাজ করতেন এবং আয়ের একটি অংশ সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করা হতো বলেও তিনি উল্লেখ করেন।

সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, হুমকি ও প্রতিবন্ধকতার মধ্যেও ব্যবসা চালিয়ে যেতে হয়েছে, তবে কোনো সহায়তা পাননি। সাধারণ মানুষের জন্য কাজ করতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ