মৃত্যুদণ্ডের ঝুঁকি, গ্রেপ্তার কিংবা কারাবাসের আশঙ্কা থাকলেও দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, ভয় নয়, কর্তব্যই তাঁর সিদ্ধান্ত নির্ধারণ করবে।
ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন শেখ হাসিনা।
সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে গভীর জাতীয় সংকট হিসেবে উল্লেখ করেন। তাঁর অভিযোগ, গণতান্ত্রিক পরিসর সংকুচিত হয়েছে এবং বিচার বিভাগকে রাজনৈতিক প্রতিহিংসার কাজে ব্যবহার করা হচ্ছে।
মৃত্যুদণ্ডের ঝুঁকি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার, কারাবাস কিংবা জীবনের ঝুঁকির মুখে পড়তে হতে পারে। তবে এসব আশঙ্কা তাঁর কর্তব্য পালনের পথে বাধা হতে পারবে না। ১৯৭৫ সালে পরিবারের অধিকাংশ সদস্যকে হারানো এবং পরবর্তী সময়ে একাধিকবার হত্যাচেষ্টার প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে শেখ হাসিনার দাবি, দলটির শেকড় দেশজুড়ে বিস্তৃত। নেতা-কর্মীদের ওপর নিপীড়নের অভিযোগ তুলে তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও দলের নেতা-কর্মীরা জনগণের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
নিজের দেশে ফেরার বিষয়টিকে গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের অংশ হিসেবে বর্ণনা করেন শেখ হাসিনা। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে নির্বাচিত করলে দলটি তাদের সেবা করবে। অন্য কাউকে নির্বাচিত করলে জনগণের সেই রায়ও মেনে নিতে হবে।
