তারাবির নামাজ থেকে ফিরে ঘরে মিলল স্ত্রীর মরদেহ

অবশ্যই পরুন

ভোলার সদর উপজেলায় হালিমা বেগম (৬৫) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তরদিঘলদী ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত হালিমা বেগম ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মফিজুল সিকদারের স্ত্রী। ঘটনাটি রহস্যজনক বলে স্থানীয়দের মধ্যে আলোচনা থাকলেও পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যা।

পরিবারের সদস্যদের দাবি, ঘটনার সময় ঘর থেকে জমির দলিল, স্বর্ণালংকার ও কিছু নগদ টাকা খোয়া গেছে। দীর্ঘদিন ধরে প্রতিবেশী তোফাজ্জল ও লতিফ মেম্বারের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল বলেও অভিযোগ করেছেন তারা।

নিহতের ছেলে হারুন জানান, কয়েকদিন পরপরই তাদের সঙ্গে ঝগড়া হতো এবং তার মা’কে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। ঘটনার রাতে পরিবারের সদস্যরা ইফতারের পর তারাবির নামাজ পড়তে গেলে সেই সুযোগে তার মাকে হত্যা করে জমির দলিল, টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

স্বামী মফিজুল সিকদার বলেন, তারাবির নামাজ শেষে বাড়ি ফিরে তিনি ঘরের দরজা খোলা ও ভেতরে এলোমেলো অবস্থা দেখতে পান। পরে ঘরে ঢুকে খাটের ওপর স্ত্রীকে পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে দেখেন তিনি মারা গেছেন। তার নাকে রক্ত ও গলায় দাগ ছিল বলে জানান তিনি।

এ ঘটনায় অভিযুক্ত তোফাজ্জল ও লিটনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাদের ঘর বাইরে থেকে তালাবদ্ধ ছিল বলে জানা গেছে।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু নয় বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ