মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে ভারতের কাছে অতিরিক্ত জ্বালানি সরবরাহের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
বুধবার (১১ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহের অনুরোধ জানিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠিটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি দ্রুত বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের বিদ্যুৎ ও জ্বালানি খাতে চলমান সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে। ভারতীয় হাইকমিশনার জানান, দুই দেশের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইতোমধ্যে শক্তিশালী সংযোগ গড়ে উঠেছে, যা অর্থনৈতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ দিক।
তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং জ্বালানি পাইপলাইন চালু রয়েছে। ভবিষ্যতে এই সহযোগিতা কীভাবে আরও সম্প্রসারণ ও শক্তিশালী করা যায়, সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
