নোয়াখালীর হাতিয়া থেকে ঢাকাগামী ফারহান-০৪ লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
ভুক্তভোগীর ভাই বাদী হয়ে মঙ্গলবার (১০ মার্চ) কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। এজাহারে বলা হয়েছে, গত রোববার (৮ মার্চ) দুপুরে ভুক্তভোগীকে তার বাবা হাতিয়া তমুরদ্দিন লঞ্চঘাট থেকে ফারহান-০৪ লঞ্চের ৩২৮ নম্বর কেবিনে উঠিয়ে দেন। একই লঞ্চে উঠেন মোহাম্মদ সাকিব উদ্দিন (২৬) ও মোহাম্মদ নুরুজ্জামান মিঠু (৩২)।
লঞ্চ ছাড়ার কিছুক্ষণ পর অভিযুক্তরা কেবিনের দরজায় নক করে ভুক্তভোগীর বাবাকে চেনেন বলে জানান। তারা মোটরসাইকেল কেনার টাকা নিরাপত্তার জন্য কেবিনে রাখতে অনুরোধ করলে সরল বিশ্বাসে ভুক্তভোগী তা গ্রহণ করেন।
পরে অভিযুক্তরা কৌশলে কেবিনে প্রবেশ করে বসে পড়েন এবং সাকিব উদ্দিন কু-প্রস্তাব দেন। রাজি না হওয়ায় তারা গলা ও মুখ চেপে ধরেন। মিঠু মোবাইল ফোন কেড়ে নিয়ে বেরিয়ে যান। সাকিব দরজা বন্ধ করে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করেন।
চিৎকারের চেষ্টা করলে হত্যার হুমকি দেওয়া হয়। রাত ৮টার দিকে তারা আবার কেবিনে প্রবেশ করে হুমকি দিয়ে দ্বিতীয়বার ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে ভুক্তভোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
কোতোয়ালি থানার ওসি শাহ্ মো. ফয়সাল আহমেদ জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে মামলা রুজু হয়েছে এবং মঙ্গলবার আদালতে হাজির করা হবে।
