কৃষকের জমির সরিষা কেটে নিলো যুবদল নেতা

অবশ্যই পরুন

জয়পুরহাটের কালাই উপজেলায় মোমিন ইসলাম নামে এক কৃষকের জমিতে থাকা সরিষা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা যুবদলের সদস্য ফিতা মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে। শনিবার আহম্মেদাবাদ ইউনিয়নের বোড়াই গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় যুবদল নেতাসহ ৯ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক।

মোমিন ইসলাম পাঁচশিরা বাজার এলাকার বাসিন্দা। অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—মেহেদী মাছুম, ফিতা মিয়া, জাহিদ হাসান, আব্দুল জলিল, আলিফ হোসেন, আমিনুর ইসলাম, ইমন মিয়া, সৌরভ হোসেন ও ইমন হোসেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোমিন ইসলামের বাবার মৃত্যুর পর চাচাদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। বড় চাচা আফছার আলীর মেয়ে জামাই মেহেদী মাছুম এ বিষয়ে সক্রিয় হন। শনিবার তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে মোমিনের জমিতে গিয়ে সরিষা কাটতে শুরু করেন বলে অভিযোগ করা হয়। বাধা দিলে ভয়ভীতি দেখানো হয়। পরে ভুক্তভোগী জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সরিষা কেটে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে মেহেদী মাছুমের বাড়ির সামনে থেকে স্তূপ করে রাখা সরিষা উদ্ধার করে পুলিশ।

অভিযুক্ত মেহেদী মাছুম দাবি করেন, জমিটি তার শ্বশুর আফছার আলীর এবং মোমিন ইসলাম তা জোরপূর্বক দখল করে চাষাবাদ করছেন। তবে ফিতা মিয়া বলেন, তিনি কারও কথায় সেখানে যাননি; পুলিশ ডাকার পর ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে থানায় বসে বিষয়টি মীমাংসার পরামর্শ দিয়েছেন।

জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান জানান, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন। তদন্তে সংগঠনের কারও সম্পৃক্ততা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ