আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে অপসারণ করে অ্যাডভোকেট মো. আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ধারা ৭ অনুযায়ী ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য মো. আমিনুল ইসলামকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা অ্যাটর্নি জেনারেলের সমপর্যায়ের পাবেন।
একই প্রজ্ঞাপনে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জারি করা স্মারকে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগসংক্রান্ত আদেশ বাতিলের কথাও জানানো হয়েছে।
নিয়োগপ্রাপ্ত মো. আমিনুল ইসলামের বাড়ি হবিগঞ্জ জেলায়। তিনি ১৯৯৩ সালের ২৭ মে হাইকোর্ট বিভাগে এবং ২০২১ সালের ৩০ ডিসেম্বর আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
প্রজ্ঞাপন অনুযায়ী, আদেশটি অবিলম্বে কার্যকর হবে। এতে সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষর করেছেন।
ন্যাশনিক্স/এলকে
