মোনাজাতে জিয়াউর রহমানের নাম না থাকায় ইবিতে ছাত্রদলের হট্টগোল, পরে পুনরায় মোনাজাত

অবশ্যই পরুন

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে দোয়া-মোনাজাত ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উচ্চারণ না হওয়ায় শাখা ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিবাদ জানানো হয়। পরে ইমাম ভুল স্বীকার করলে পুনরায় মোনাজাত পরিচালনা করা হয়।

শুক্রবার রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপাচার্যের নেতৃত্বে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও শিক্ষকরা এতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম।

মোনাজাত শেষে ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে জিয়াউর রহমানের নাম বাদ দেওয়া হয়েছে। তারা পুনরায় মোনাজাতের দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হলে ইমাম দ্বিতীয়বার দোয়া পরিচালনা করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এটি অনিচ্ছাকৃত ভুল। উপ-উপাচার্য বলেন, বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। পেশ ইমামও জানান, ক্লান্তিজনিত কারণে নামটি বলা হয়নি এবং বিষয়টি বুঝতে পেরে পুনরায় মোনাজাত করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হলেও শেষ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ