কুয়াকাটা পর্যটনকেন্দ্রের একটি আচারের দোকানে হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. মাকসুদকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কুয়াকাটার জিরো পয়েন্ট এলাকায় ওই দোকানে হামলার ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
ভুক্তভোগী দোকান মালিক মনির হোসেন হাওলাদার তিনজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে একইদিন সন্ধ্যায় প্রধান অভিযুক্ত মো. মাকসুদকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযুক্ত মাকসুদ স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সদস্য। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এর আগেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।
অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে।
ন্যাশনিক্স/এলকে
