চকরিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রীর নাম ব্যবহার করে চাঁদা দাবি, দোকান দিলেন তালা

অবশ্যই পরুন

কক্সবাজারের চকরিয়া পৌর এলাকায় চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ নোমান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) চকরিয়া পৌর এলাকার একটি স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে নোমান অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর নাম ভাঙিয়ে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।

মোহাম্মদ নোমান জানান, তিনি কিছমত আলী পাড়া এলাকার মৃত মৌলভী নুর মোহাম্মদের ছেলে। তার দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় স্বরাষ্ট্রমন্ত্রীর শপথের দিন ফাঁসিয়াখালীর গাবতলি বাজারে অবস্থিত তার মালিকানাধীন ‘ইত্যাদি স্টোর’ নামের দোকানে দলবল নিয়ে হামলা চালিয়ে তালা লাগিয়ে দেন স্থানীয় বিএনপি নেতা নুরুল ইসলাম। অভিযুক্ত নুরুল ইসলাম ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক বলে উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে নোমান আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় নুরুল ইসলামের এক নিকটাত্মীয় ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার দোকানে প্রথম দফা হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনি মামলা করেন এবং অভিযুক্তরা কারাগারেও যান। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় আপোষ হয়। এ সময় নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে নুরুল ইসলাম ভবিষ্যতে তার ব্যবসা প্রতিষ্ঠানে কোনো ধরনের ঝামেলা করবেন না মর্মে একটি অঙ্গীকারনামা দেন বলেও দাবি করেন নোমান।

তার অভিযোগ, ওই অঙ্গীকারনামা ভঙ্গ করে নুরুল ইসলাম পুনরায় তার ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা করছেন এবং বিভিন্ন সময়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছেন।

নোমান বলেন, গণমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তিনি শুনেছেন চাঁদাবাজি ও দখলবাজি যে-ই করুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। তাই তিনি স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও সমাধান কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত নুরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ